Dhaka Mail Logo

জাতীয়

এসএসএফ এর সাবেক ডিজি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব:) মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলার অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

‎তিনি জানান, সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান পরিচালিত হয়।

‎অনুসন্ধানে জানা যায়, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অসাধু উপায়ে অর্জন করে। যা নিয়ে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ আইন একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।

‎এছাড়াও, তার স্ত্রী তাসরীন মুজিব স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করে। যা ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন তাসরীন মুজিবের পাশাপাশি তার স্বামীর নামে পৃথক আরো ১টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।

‎একেএস/এআরএম