Dhaka Mail Logo

জাতীয়

ঢামেক হাসপাতালের ভিতরেই পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পাশে মাস্তুল ফাউন্ডেশনের গোসলখানার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন তাকে।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ। উদ্ধার ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

মো. রিয়াজ বলেন, আমরা খবর পেয়ে গতরাত সাড়ে ১১টার দিকে নতুন ভবনের পাশে মাস্তুল ফাউন্ডেশনের গোসলখানার পাশ থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই। পরে আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানাই।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এখনো তাঁর নাম–পরিচয় জানতে পারিনি।

হাবিবুর রহমান আরও বলেন, প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এম.এম.আর/এএস