Dhaka Mail Logo

জাতীয়

বনশ্রীতে সড়কে প্রাণ গেল মাইলস্টোন স্কুলের শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত তাসফিয়া আহমেদ তিশার বাড়ি রাজধানীর খিলগাঁওয়ের ৫৮/সি, মেরাদিয়া নয়াপাড়া এলাকায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, তার বোন মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা ছিলেন। বুধবার রাতে তিনি পাঠাওয়ের মোটরসাইকেলে করে খিলগাঁও থানাধীন বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তাসফিয়া গুরুতর আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কয়েকজন পথচারী ও পুলিশ সদস্য আহত তাসফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে তাসফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এম.এম.আর/জেবি