Dhaka Mail Logo

জাতীয়

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিতের নির্দেশ বাণিজ্য সচিবের

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে নিয়মিত মনিটরিং, কার্যকর সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি মামলা ও ভূমি-সংক্রান্ত বিরোধ অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তির উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিদ্ধান্ত বাস্তবায়ন-সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিব কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এ সময় সরকারি মামলা যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা, ভূমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি, জেলা প্রশাসক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন এবং এসব কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্য সচিব বলেন, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যেন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সে জন্য প্রতিটি কার্যক্রমে নিয়মিত মনিটরিং, কার্যকর সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি মামলা ও ভূমি-সংক্রান্ত জটিলতা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় আইন ও বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কর্মকর্তাদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমে গতি ও পেশাদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্য সচিব আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া দ্রুত করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় পদ থাকলে তা বিলুপ্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ ছাড়া মন্ত্রণালয়ের অগ্রাধিকার প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, নিয়মিত ফলোআপ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সচিবদের নিয়ে গঠিত সচিব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

এমআর/এআর