Dhaka Mail Logo

জাতীয়

রনজিলা পারভিন হত্যা: ডিবির হাতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) নিহত হওয়ার ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার দুজন হলেন খোকন (৩৫) ও রাজিব মাতুব্বর (৩৬)।

মঙ্গলবার ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাজিবের কাছ থেকে ৬২২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, রনজিলা পারভিনের লুণ্ঠিত ব্যাগ ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার শফিকুল ইসলাম।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, গত ২৯ আগস্ট সকালে স্বামীর সঙ্গে রিকশায় করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন রনজিলা পারভিন। শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্তে ১২ নম্বর গেট পার হয়ে খেজুরবাগানমুখী সড়কে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তাদের পিছু নেন।

খেজুরবাগানের সামনে পৌঁছালে মোটরসাইকেলের পেছনে থাকা খোকন রনজিলা পারভিনের হাতে থাকা ব্যাগ ধরে টান দেন। এতে ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলা পারভিনের স্বামী মো. আবদুল মতিন (৫৩) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ডিবির তেজগাঁও বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোকন ও রাজিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বড়বাগ এলাকা থেকে রনজিলা পারভিনের ছিনতাই হওয়া ব্যাগ এবং মিরপুর-১-এর কো-অপারেটিভ মার্কেট থেকে মুঠোফোন উদ্ধার করা হয়। রাজিবের দেখানো মতে ভাষানটেকের দেওয়ানপাড়া এলাকা থেকে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ছিনতাই ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে একই ঘটনায় র‍্যাব তিন ছিনতাইকারীকে গ্রেফতারের কথা জানিয়েছিল। তবে মোটরসাইকেলের রং ও গ্রেফতার ব্যক্তিদের চেহারার মিল নিয়ে প্রশ্ন ওঠে। এবার একই ঘটনায় ডিবি দুজনকে গ্রেফতারের কথা জানাল। ডিবির দাবি, এই দুজনও রনজিলা পারভিন হত্যায় জড়িত।

এমআইকে/এআর