Dhaka Mail Logo

জাতীয়

প্রবাসীদের স্থানীয় ভোটাধিকার নিশ্চিতের দাবি, ইসিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আদালতের দ্বারস্থ হওয়া ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর)  নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে স্বারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আল আমিন আটিয়া। 

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও বিধিবিধান ঘোষণা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, বিশেষ করে প্রবাসী ও শ্রমিকরা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আল আমিন আটিয়া বলেন, বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। অথচ দেশের জন্য কাজ করা এবং বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা শুধু বিদেশে অবস্থানের কারণে স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রবাসীদের স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করা অযৌক্তিক এবং এটি ব্যয়বহুল। আমাদের প্রশ্ন হলো, রেমিট্যান্স যোদ্ধারা রাষ্ট্রের জন্য সারাজীবন কাজ করছেন, তাদের জন্য পাঁচ বছর অন্তর একটি ভোটের আয়োজন যদি রাষ্ট্র করতে না পারে, তাহলে সেটি রাষ্ট্র ও সরকারের ব্যর্থতা হবে। আমরা রাষ্ট্র ও সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে যেভাবে পোস্টাল ভোট ও পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচনেও তা করা সম্ভব। প্রয়োজনে কিছুটা সময় নিয়ে এবং অর্থ ব্যয় করে হলেও নাগরিকের ভোটাধিকার সংরক্ষণ করতে হবে।

আল আমিন আটিয়া বলেন, আজকের স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে তাদের আন্দোলনের প্রাথমিক কর্মসূচি শুরু হয়েছে। নির্বাচন কমিশন ও সরকার যদি প্রবাসী এবং রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকারের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে তারা পরবর্তী সময়ে আদালতের দ্বারস্থ হবেন। পাশাপাশি প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করে দেশে গণতান্ত্রিক কর্মসূচি ও রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশে এলে ভোট দিতে পারবেন, কিন্তু বিদেশে থাকলে ভোট দিতে পারবেন না, এমন ব্যবস্থা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের ইতিবাচক উদ্যোগ এবং প্রয়োজনীয় সংস্কার চান তারা।

এ সময় আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য হাসিম ইব্রাহিম, রয়েল খান ও ওমর ফারুকসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এআর