নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গভীর রাতে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, পুলিশের ধারনা ইঞ্জিনে ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত বারোটায় বসিলা রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করে রাত ১২টায় বাসে আগুন জ্বলতে দেখা যায়। তবে, কেউ আগুন দিয়েছে কিনা তা স্থানীয়রা নিশ্চিত নন। বাসে অগ্নিকাণ্ড দেখেই স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাত বারোটায় বসিলা রোডে জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব -১১-৯৪২১) হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, মিডলাইন বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এই বাসটির দিনে মেরামতের কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে।
একেএস/এএস