Dhaka Mail Logo

জাতীয়

মহাখালী ডিওএইচএসএর অগ্নিকাণ্ডে অসুস্থ ৪ জন বার্নে

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন চারজন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী ডিওএইচএসের ২ নম্বর রোডের ১৮০ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

অসুস্থরা হলেন—সায়মুল হক (৬৪), জাহান (২২), ওভি (৩১) ও সুমাইয়া বিনতে আলম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন এবং পর্যবেক্ষণে রয়েছেন।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, চারজনের কারও শরীরে বাহ্যিক পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণের কারণে (স্মোক ইনহেলেশন) তারা অসুস্থ হয়েছেন। এ কারণে তাদের চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এম.এম.আর/এএস