Dhaka Mail Logo

জাতীয়

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার কনস্টেবল মো. সাজবীর জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমএমআর/এমআইকে/এআর