নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি আঞ্চলিক কার্যালয়ে ঝটিকা পরিদর্শনে গিয়ে প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোনো ধরনের প্রটোকল ছাড়াই ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫ পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান প্রশাসক।
ডিএসসিসি জানিয়েছে, পরিদর্শনের বিষয়টি গোপন রাখতে আবদুস সালাম শুধু ব্যক্তিগত গাড়িচালককে সঙ্গে নিয়ে সকাল ৮টা ৫০ মিনিটে আঞ্চলিক কার্যালয়-৫-এ পৌঁছান। প্রথমে কার্যালয়ের বাইরে অবস্থান করে কর্মকর্তা-কর্মচারীদের আসা পর্যবেক্ষণ করেন তিনি। সকাল ৯টা ২ মিনিটে কার্যালয়ে প্রবেশের পর মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন, যাতে দেরিতে আসা কেউ আর ভেতরে ঢুকতে না পারেন।
এরপর কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখার পাশাপাশি হাজিরা খাতা যাচাই করেন প্রশাসক। এ সময় প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে অনুপস্থিতদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলীকে নির্দেশ দেন তিনি।

আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের পর ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতি ও হাজিরা খাতাও যাচাই করেন আবদুস সালাম। সেখানেও কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে অনুপস্থিত পাওয়া যায় বলে জানিয়েছে ডিএসসিসি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদারকে নির্দেশ দেন প্রশাসক।
পরে মতিঝিলের পীর জঙ্গির মাজার থেকে মতিঝিল আইডিয়াল স্কুল, ফকিরাপুল, আরামবাগ ও দৈনিক বাংলা হয়ে বঙ্গভবন পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন তিনি। এ সময় ফুটপাতের অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
আবদুস সালাম বলেন, ‘নাগরিক সেবা প্রদানে যেকোনো ধরনের গাফিলতি বা অবহেলা বিন্দুমাত্র বরদাশত করা হবে না। সিটি করপোরেশনের নিজস্ব কর্মচারী কিংবা বাইরের কোনো পক্ষ, জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নাগরিক সেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা পরিদর্শন ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।
এমএইচ/জেবি