Dhaka Mail Logo

জাতীয়

কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিবের দাবি, মঙ্গলবার দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগরের একটি সেলুনের সামনে গিয়েছিলেন ফরহাদ। এ সময় সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ আরও কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাকিব জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফরহাদকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ফরহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এমএমআর/এআর