Dhaka Mail Logo

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন: ৩ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আগামী সপ্তাহে থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তিন ধাপে এই সংলাপ শেষ করবে সংস্থাটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানায়।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমরা নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব এবং এই আলোচনা আমরা তিন ধাপে সম্পন্ন করব বলে আশা করছি।

তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসের ২৩, ২৪ ও ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারে তিন ধাপে আমরা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাব। যাতে তারা দুজন করে প্রতিনিধি পাঠায়।

ইসি বলেন, তাদের সঙ্গে আলোচনা করার আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা কামনা করা যাতে করে আমরা জাতীয় সংসদ নির্বাচন যেমন সুশৃঙ্খলভাবে এবং কোনো ধরনের গন্ডগোল ছাড়া সম্পন্ন করতে পেরেছি; সেভাবে যেন আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু এবং শেষ করতে পারি। 

তিনি আরও বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর,  দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর,  তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে।

এই ইসি বলেন, প্রথম ধাপে  ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা।

জানা যায়, ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মোট ৫৯টি।

এমএইচএইচ/এফএ