Dhaka Mail Logo

জাতীয়

আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়নেও নজর দিতে হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে যেসব বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

মাদককে সমাজের জন্য বড় হুমকি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রাজধানী ও আশপাশের এলাকায় অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী কয়েক মাস ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। এ কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে। আবাসিক হোটেল, গেস্টহাউসসহ বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত তদারকি জোরদার করার আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে জনগণের কল্যাণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, রাষ্ট্র ও জনগণের স্বার্থেই প্রশাসনের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।

সভায় বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এএইচ/এআর