Dhaka Mail Logo

জাতীয়

এডিসের লার্ভা নিয়ন্ত্রণে অভিযান, ২৮ মামলায় পৌনে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ২৮টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, আগামী তিন মাসের মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ২৮টি মামলা করা হয়।

অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দাশ চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ডিএনসিসি জানিয়েছে, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণার পর আগামী তিন মাসের কর্মসূচির আওতায় মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালানো হবে। এর অংশ হিসেবে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উৎসস্থল ধ্বংস, লার্ভিসাইডিং, ছাদবাগান পরিদর্শন, জনসচেতনতামূলক মাইকিং, নোভালিউরন ট্যাবলেট প্রয়োগ ও লিফলেট বিতরণ করবেন।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

এএইচ/এআর