Dhaka Mail Logo

জাতীয়

স্থানীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সকাল ১০.০০ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর (অব.) সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো। 

চিঠিটি যাদের বরাবর পাঠানো হয়েছে তাঁরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড,আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।

এমএইচএইচ/এআর