নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
ঢাকা-৬ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মাদক, যানজট ও ফুটপাত দখলসহ নানা সমস্যা তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড, সদরঘাট, কাপ্তানবাজার ও মুরগিপট্টির বিভিন্ন সমস্যা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনার বিষয়ও তিনি আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তুলে ধরেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অংশ নিয়ে এসব সমস্যা তুলে ধরেন ইশরাক হোসেন। এ সময় তিনি ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের অবহিত করেন। পাশাপাশি জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও আলোচনা হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে গোয়েন্দা সংস্থা, ঢাকা মহানগর পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন, ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরাও অংশ নেন।
বৈঠকে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে বর্তমানে মাদকের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। এ সময় তিনি গেন্ডারিয়া, ঘুঁটিগড়, মুনসিরটেকসহ বিভিন্ন এলাকার মাদক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন।
তিনি বলেন, আসনের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি যত্রতত্র বাস ও অন্যান্য যানবাহন থামানোর কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং যানজট বাড়ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।
এ ছাড়া ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের বিভিন্ন সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা করেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। কাপ্তানবাজার ও মুরগিপট্টির পরিস্থিতি এবং এসব এলাকার আইনশৃঙ্খলা-সংক্রান্ত নানা বিষয়ও তিনি সংশ্লিষ্টদের নজরে আনেন।
ইশরাক হোসেন আরও বলেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আনাগোনা দেখা যাচ্ছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করার পরও সংশ্লিষ্ট থানা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বৈঠকে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।
এম/জেবি