Dhaka Mail Logo

জাতীয়

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

যেকোনো মূল্যে ফসলি জমি, সাধারণ মানুষের জমি ও সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অপরিকল্পিত নগরায়ণ ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানান।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভাগীয় কমিশনারদের এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি ও খাসজমি জবরদখল করে আসছে। এই চক্র ভাঙতে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে। দেশের ১৮ কোটি মানুষকে দেশের প্রকৃত মালিক হিসেবে উল্লেখ করে সরকারি কর্মচারীদের সব সময় জনগণের সেবক হিসেবে কাজ করার মানসিকতা ধারণ করার আহ্বান জানান তিনি।

দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়ার মানসিকতা নিয়েই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

সভায় দেশের সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এআর