নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপে সম্মতি জানাতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) থেকে মেসেজ পাঠানো হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ইসি জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারগণ যারা ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Postal Vote BD App-এ নিবন্ধিত হয়েছিলেন তাদেরকে ই-মেইল/ WhatsApp/অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন প্রদান করা হবে। অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিং-এ ভোটদানে তাদের সম্মতি ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রাপ্তির পর ভোটারগণের বর্তমান ঠিকানায় ব্যালট প্রেরণ করা হবে।
এছাড়া প্রবাসে বসবাসরত ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারগণ যারা ইতোপূর্বে সংঘটিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Postal Vote BD App এর মাধ্যমে নিবন্ধন করেননি, তারা নতুনভাবে অ্যাপে ১২-২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ভোটিং এ অংশগ্রহণ করতে পারবেন।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
এমএইচএইচ/জেবি