Dhaka Mail Logo

জাতীয়

শাহবাগ এলাকা থেকে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

রাজধানীর শাহবাগ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ৬৫ ও ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

তিনি বলেন, সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই তৌফিক হাসান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমএমআর/এএস