Dhaka Mail Logo

জাতীয়

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী, সুচিকিৎসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী চিকিৎসাধীন ক্যাপ্টেন মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনাটি ঘটে। ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন। আহত হন সেনাবাহিনীর একজন কর্মকর্তা ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন।

আরও পড়ুন

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

নিহত দুই সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত (২৮) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবু বকর সিদ্দিক পিয়াস।

দুর্ঘটনার পরপরই আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জেবি