Dhaka Mail Logo

জাতীয়

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি এবং ভুক্তভোগী সাংবাদিক মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ওই জিডিতে সঠিক তদন্তের দাবি করেছেন তারা। এ ঘটনায় প্রয়োজনীয় সব প্রমাণাদিও সরবরাহ করা হয়েছে। এতে প্লাবন ছাড়াও সংশ্লিষ্ট কয়েকজনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েকজনের কথা বলা হয়েছে। বাড্ডা থানায় ওই জিডির নম্বর ৬৮৯।

জানা গেছে, এই জিডির ঘটনায় বাড্ডা থানার তদন্তকারী কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দেখা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুরাহা করতে ব্যর্থ হলে তদন্ত চেয়ে এই চক্রের বাকি সদস্যদের খতিয়ে দেখা হবে।

এর আগে এ ঘটনায় হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. মাহিন অর রশিদ প্লাবন নামের ওই শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শোকজ প্রাপ্তির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

হাতে আসা নথিতে দেখা গেছে, অভিযুক্ত মো. মাহিন অর রশিদ প্লাবন রংপুর জেলার পীরগাছা উপজেলার পশ্চিম অন্তরাম অংশের বাসিন্দা মো. মাহবুব অর রশিদ পলাশ এবং মোছা. মাহমুদা বেগমের সন্তান। সে বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচের এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী।

জানা গেছে, এর আগেও তিনি এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর আত্মীয় পরিচয়ে একাধিক সাধারণ শিক্ষার্থীকে হুমকি দিয়েছেন। অবশ্য তার আত্মীয়তার বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নিজেই।

জানা গেছে, প্লাবন নামের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিপথগামী কিছু শিক্ষার্থীকে নিয়ে গ্যাং থার্টি সিক্স নামে একটি কিশোর গ্যাং বাহিনী পরিচালনা করে আসছেন। এই গ্যাংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর ওপর র‌্যাগিংয়ের একাধিক অভিযোগ এসেছে। এই গ্যাংয়ের কয়েকজন সক্রিয় সদস্য মিছিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিপদে ফেলতে চায় বলে একটি সূত্রের দাবি।

এদিকে গণমাধ্যমকর্মীদের ওপর এমন হত্যার হুমকির ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি মো. আবুল খায়ের বলেন, আমরা জানতে পেরেছি, প্লাবন নামের ওই শিক্ষার্থী শুক্রবার শেষ ভাইভা দিয়ে হল ছাড়বেন। কিন্তু তিনি যে হত্যার হুমকি দিয়েছেন এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন, সেটার আইনানুগ সুরাহা না হলে সে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সাধারণ সব শিক্ষার্থী আমাদের ভাই; তাদের অধিকার নিয়ে আমরা সব সময় লিখেছি। কিন্তু এই গ্যাং থার্টি সিক্সের অন্য সদস্যদের সব অনিয়ম নিয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

খায়ের বলেন, তদন্ত কমিটির কাছে আমরা সব প্রমাণাদি দিয়েছি। এর পরেও সঠিক বিচার না করে তাকে যদি সেইফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা বিষয়টি পুরোপুরি আইনগতভাবেই মোকাবিলা করব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল কালাম আজাদ সাহেব আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এমন ভয়ংকর ঘটনায় তিনি পুতুলের মতো ভূমিকা পালন করেছেন। ইনসাফ না করতে পারলে অবশ্যই আমরা আইনগতভাবেই লড়ব।

বিইউ/এআর