জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় রসিকতার সুরে এ প্রশ্ন করেন তিনি।
অধিবেশনে বিরোধী দলীয় নেতাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাতে গিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মো. শফিকুর রহমান ঢাকা-১৮ বিরোধী দলীয় নেতা, আপনার সময় তিন মিনিট।’
এ সময় তিনি বিরোধী দলীয় নেতার সংসদীয় আসন বলতে ভুল করেন।
এর পরিপ্রেক্ষিতে ড. শফিকুর রহমান বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমাকে আসন বদলে দেওয়ার জন্য। আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব— ১৫ এবং ১৮?’
ডেপুটি স্পিকার কায়সার কামাল পরে বিষয়টি পরিষ্কার করে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘মাননীয় বিরোধী দলের নেতা, এখানে বেসিক্যালি লিস্টে লেখা এসেছে ঢাকা ১৮৮। আমি একটা ৮ বাদ দিয়ে ১৮-তে এসেছি। আমি দুঃখিত। লিস্টটা বোধ হয় ওইখান থেকে দেওয়া হয়েছে, আপনাদের ওইখান থেকেই।’
এরপর বিষয়টি নিয়ে আর আলোচনা না বাড়িয়ে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান তার বক্তব্য চালিয়ে যান।
টিএই/এএম