Dhaka Mail Logo

জাতীয়

ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না, নেই লাইসেন্সও

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এপেক্সের গোডাউনের আগুন প্রায় আড়াইঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে, এ ভবনটিতে ফায়ার সেফটির অনুমোদন ছিলো না। এছাড়াও, ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্সও ছিলো না বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

‎তিনি বলেন, আগুনে আমাদের ৬ ইউনিট কাজ করেছে। দুপুর ১২টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। যে ভবনটিতে আগুন লাগে সেই ভবনটি ৫ তলা। পাঁচতলা ভবনের ৪ তলায় অবস্থিত এপেক্সের গোডাউনে মূলত আগুনটি লাগে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ভিতরে এখন আর কোনো আগুনের শিখা নেই। তবে ভিতরে ধোঁয়া আছে। ধোঁয়া সম্পূর্ণ বের করে দেওয়া হলে আমরা সম্পূর্ণ নির্বাপণ করে ফেলব। আগুনের সৃষ্টির কারণ জানতে আমাদের তদন্ত করতে হবে। তদন্তে আমরা আগুনের প্রকৃত কারণ জানতে পারব।

‎প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কী হতে পারে এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আমরা তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এখানের লোকজন আমাদের জানিয়েছে, তাদের এখানের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে তারা প্রথমে ধোঁয়া দেখতে পায়। প্রথমে তারা নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে নেভানোর চেষ্টা করে। পরে তারা ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। আমাদের তদন্তে তাদের এই বক্তব্যের বিষয়গুলোও আমরা দেখব।

‎ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল কি না এমন পর্শ্নের জবাবে তিনি বলেন, তারা কয়েক মাস আগে আবেদন করেছিল। কিন্তু ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি।

‎একেএসে/এআরএম