Dhaka Mail Logo

জাতীয়

গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

‎রাজধানীর গেন্ডারিয়া করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অভিযান চালিয়ো ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। র‍্যাব বলছে, উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

‎গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ জিসান, মোহাম্মদ রমজান, মো শাহীন, শাবাব হোসেন শৈকত ও মোহাম্মদ মাহিম।

‎মো. আাদুজ্জামান বলেন, গত ৩০ আগস্ট গেন্ডারিয়া থানার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির গ্রুপ ও অটো সজল গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আশা আক্তার ও সিয়াম এবং চা-দোকানি আলমগীর হোসেন রাসেল গুলিবিদ্ধ হন।

‎'গোলাগুলির সময় আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাঁ পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। র‍্যাব জানায়, আলমগীর ও সিয়ামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন। আয়েশা আক্তারও সুস্থ ও স্থিতিশীল আছেন। তবে তার পায়ে থাকা গুলি এখনো অপসারণ করা সম্ভব হয়নি।'

‎তিনি বলেন, ঘটনার পর র‍্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরপর গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান ও মোহাম্মদ রমজানকে গ্রেফতার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল (বুধবার) পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত ও মোহাম্মদ মাহিমকে গ্রেফতার করা হয়।

‘‎শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।'

‎তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অস্ত্র, মাদক ও পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

‎একেএস/এমআই