Dhaka Mail Logo

জাতীয়

ওমানের রাজপরিবারের সদস্যের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওমানের রাজপরিবারের সদস্য হিজ হাইনেস আল সাইয়িদ মোহাম্মদ সালিম আল সায়েদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ওমানের শ্রমবাজার পুনরায় বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।

হিজ হাইনেস আল সাইয়িদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের প্রশংসনীয় অবদানের কথা স্বীকার করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের আরও বিস্তর সুযোগ রয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ফাথিয়া আহমেদ আল বালুশিসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এএইচ