Dhaka Mail Logo

জাতীয়

উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোসহ প্রকল্প গ্রহণের আগে নিরীক্ষা জোরদারে সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো, প্রকল্প গ্রহণের আগে নিরীক্ষা বাড়ানোসহ বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ‘কিছু মেগা প্রকল্পে দুর্নীতির তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুর্নীতির যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল, সেটির নিরীক্ষা নিয়েও বর্তমান সরকার কাজ করছে।’
গ্যাস অনুসন্ধান ও উৎপাদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, ‘ভোলার গ্যাস পাইপলাইন থেকে জাতীয় মেইন লাইনে গ্যাস আনতে প্রায় সাত বছর সময় লাগবে। অর্থনীতির আকার বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ভোলায় শিল্প-কারখানা স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০৪০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য রয়েছে সরকারের।’

টিএই/এমআই