নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য বিতরণ লাইন স্থানান্তরের কাজের কারণে এই সাময়িক সংযোগ বন্ধ রাখা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট আট ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় এসব এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমআর/এএম