Dhaka Mail Logo

জাতীয়

বারডেমের ১৬ তলা ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ এএম

রাজধানীর বারডেম হাসপাতালের একটি ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম জানান, সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে রাসেল হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে কিছু সময় অবস্থানের পর লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, রাসেল মাদকাসক্ত ছিলেন এবং বর্তমানে কোনো কাজ করতেন না। এর আগে তিনি একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। মাদক গ্রহণ ও পারিবারিক কলহের জেরে অনেক আগেই তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তাদের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

নিহত রাসেলের বাড়ি রাজধানীর কদমতলীতে। পারিবারিক অশান্তি ও স্ত্রী বিচ্ছেদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এমএমআর/এমআর