Dhaka Mail Logo

জাতীয়

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া: হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে অস্ট্রেলিয়া সর্বদা বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুসান রাইল।

তিনি বলেছেন, ‘জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন হাইকমিশনার সুসান রাইল।

State_Minister_for_Foreign_Affairs_Humayun_Kabir_and_Australian_High_Commissioner_Susan_Ryle_2
 পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল

সাক্ষাৎকালে তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম গতিশীলতা (লেবার মোবিলিটি) এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর (টিটিসি) সঙ্গে অস্ট্রেলিয়া টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন (টিএএফই) ইনস্টিটিউশনের আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং যৌথভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি পরিচর্যাকারীদের (কেয়ারগিভার) প্রশিক্ষণের বিষয়েও সহযোগিতার অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন এবং এই দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন, তার দেশ বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য খাতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। 

এসএইচ/এএম