নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ওই যুবককে পেটানোর পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, সকালে ওই যুবক সীমানাপ্রাচীর ডিঙিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তাকে বেঁধে মারধর করা হয়।
একপর্যায়ে ছেলেটি অচেতন হয়ে পড়লে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে পাঠানো হয়। তবে তার সঙ্গে কোনো আনসার সদস্য হাসপাতালে আসেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএমআর/এএইচ