Dhaka Mail Logo

জাতীয়

৪ হাজারের বেশি প্রযুক্তি নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ফুডপ্রো এক্সপো

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং খাতের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০২৬। 

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ প্রদর্শনী চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।  

বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। এবারের প্রদর্শনীতে ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নেবে। প্রদর্শনীতে চার হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতিভিত্তিক সমাধান উপস্থাপন করা হবে।

আয়োজকেরা জানান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন ও লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। বিশেষ গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, মেশিন ভিশন, রোবোটিকস, স্মার্ট ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, আধুনিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি এবং টেকসই প্যাকেজিং উপকরণ ও নকশা।

তিন দিনে প্রদর্শনীতে ২৪ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। পাশাপাশি আঞ্চলিক সম্মেলন, সেমিনার ও ব্যবহারিক কার্যক্রমে শতাধিক বিশেষজ্ঞ ও শিল্পনেতা অংশ নেবেন।

বাপার সভাপতি মাহবুব আনাম বলেন, দেশের কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। প্রদর্শনীটি উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে ভূমিকা রাখবে।

এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, বর্তমান ব্যবসায়িক অনিশ্চয়তার মধ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। প্রদর্শনীর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রযুক্তি, অংশীদার ও শিল্পবিষয়ক ধারণার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

একই ভেন্যুতে ‘ফুড ইনগ্রেডিয়েন্টস বাংলাদেশ এক্সপো-২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে ফাংশনাল ফুড ও বেভারেজ, নিউট্রাসিউটিক্যালস, বিকল্প প্রোটিন, উদ্ভিদভিত্তিক ফর্মুলেশন ও টেকসই খাদ্য উপকরণ তুলে ধরা হবে।

১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এএইচ/এআরএম