Dhaka Mail Logo

জাতীয়

মশা নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

মশাবাহিত রোগ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।

মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিংয়ের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার নিয়ে এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিকদের সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন।

তিনি বলেন, সম্প্রতি ডিএসসিসির পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। তাই সচেতনতা তৈরির মাধ্যমে নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত করতে হবে।

বৃষ্টির পর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান তিনি। মশামুক্ত ও সুস্থ নগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

এদিকে একই দিন ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো. আবদুস সালাম।

৩ হাজার ৪৭৪ দশমিক ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সাততলা এই বিপণী বিতানের মোট আয়তন ৪৫ হাজার ৪৭৫ বর্গফুট। এতে ২৩৫টি দোকান থাকবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ডিএসসিসির মার্কেট নির্মাণ সেলের বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্মাণকাজ ২০২৮ সালের জুন মাসে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমএইচ/জেবি