নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ ও টেকসই সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সমন্বিত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আয়োজিত ‘সড়ক নিরাপত্তা ও সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক রক্ষণাবেক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা শুধু প্রকৌশলগত বিষয় নয়; এর সঙ্গে জনস্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক উন্নয়নও গভীরভাবে জড়িত। তাই সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সব অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রকল্পের সুপারিশগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দুর্ঘটনার তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কার্যকর করা, হালনাগাদ নির্দেশিকা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়ন এবং সওজের কর্মকর্তা-কর্মচারীদের ধারাবাহিকভাবে পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
কর্মশালায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, এডিবি, উন্নয়ন সহযোগী ও পরামর্শক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের অব্যাহত সহযোগিতা বাংলাদেশে নিরাপদ ও টেকসই সড়কব্যবস্থা গড়ে তোলার অভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ ও টেকসই সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এডিবি বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলে জানান তিনি।
কর্মশালায় জানানো হয়, এডিবি ও জাপান ফান্ড ফর পোভার্টি রিডাকশনের (জেএফপিআর) অনুদানের মাধ্যমে ২০২২ থেকে ২০২৬ সাল মেয়াদে সড়ক নিরাপত্তা ও সড়ক রক্ষণাবেক্ষণে সওজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সাসেক ঢাকা-সিলেট করিডোর প্রকল্পের পাশাপাশি এ কারিগরি সহায়তা প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পের আওতায় সড়ক দুর্ঘটনার তথ্য ও উপাত্ত সংগ্রহ, তথ্যভান্ডার তৈরি ও ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা নিরীক্ষা এবং সড়ক রক্ষণাবেক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সওজের সক্ষমতা বৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে।
কর্মশালায় এডিবি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিকল্পনা কমিশন, অর্থ বিভাগ, সওজ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, পরামর্শক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালার সমাপনীতে বাংলাদেশে নিরাপদ, স্মার্ট ও টেকসই সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
এমআর/জেবি