Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সি ভাতিজি অন্তরা গুরুতর আহত হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফুট এলাকার বউবাজারের ৬২/২ নম্বর চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে রিয়াজ ও তার ছোট ভাতিজি অন্তরা ছাদে ভিজতে যায়। এ সময় রিয়াজের আত্মীয় সুমন তাদের ঘরে ফিরে আসার জন্য বারবার ডাকলেও তারা ছাদেই ছিল। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে দুজনই ছাদে অচেতন হয়ে পড়ে যায়।

পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজের আত্মীয় সুমন বলেন, ‘বজ্রপাতের পর কান্না ও চিৎকারের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি, দুজনই ছাদে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে রিয়াজকে দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হয়।’

এদিকে গুরুতর আহত শিশু অন্তরাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর থানার চর রমণী গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ। তিনি হাজারীবাগের বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএইচ