Dhaka Mail Logo

জাতীয়

‎সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চাইল দুদক

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‎ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি (সংযুক্ত) আতিকা ইসলামের স্বামী ডা. ফারদিন ইসলাম সাগরের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

‎দুদক সূত্র জানায়, সাবেক ডিআইজি আতিকা ইসলামের স্বামী ডা. ফারদিন ইসলাম সাগরের নামে ২ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকার অস্থাবর সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। তিনি ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত মোট আয় করেছেন ১ কোটি ১৬ লাখ ১৯৮ টাকা। এই সময়ে তার ব্যয় পাওয়া যায় ৫২ লাখ ১৫ হাজার ৮৮৯ টাকা।

সুতরাং ডা. ফারদিন ইসলাম সাগর ব্যয় বাদে নিট সঞ্চয় ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা থাকার কথা। কিন্তু অনুসন্ধানে ডা. ফারদিনের নামে নিট সম্পদ পাওয়া গেছে ২ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা। অর্থাৎ ২ কোটি টাকার সম্পদ বেশি পাওয়া যায়, যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। এ ছাড়াও, তার নামে-বেনামে আরও অনেক স্থাবর-অস্থাবর সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‎এ বিষয়ে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডা. ফারদিন ইসলাম সাগর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তার নামে আর স্থাবর-অস্থাবর সম্পদ থাকতে পারে মর্মে প্রতীয়মান হওয়ায় তার সম্পদের সঠিক হিসাব দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক তার বরাবর সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করা হয়েছে।

‎একেএস/এএম