Dhaka Mail Logo

জাতীয়

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ দুই হাজতির ঢামেকে মৃত্যু

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতি ও এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর অচেতন অবস্থায় তাদের পৃথকভাবে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

মৃত এক হাজতির নাম আবুল বাশার (৫৪)। কারারক্ষী শহীদ জানান, তার বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারারক্ষী শহীদ আরও জানান, রোববার সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল বাশার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া অন্য কয়েদির নাম আব্দুল কাইয়ুম (৬২)। কারারক্ষী হেমায়েত হোসেন জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী হেমায়েত হোসেন জানান, আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায়। তার বাবার নাম দুদুমিয়া। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই বন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে কারাগারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএমআর/এএস