নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ এএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি। সফরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বেলা ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।
পরে শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর কালীবাড়ির নিজ বাসভবনে যাবেন। দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির সংবর্ধনায় যোগ দেবেন। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এরপর নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাওয়ার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
/এএস