Dhaka Mail Logo

জাতীয়

বিএডিসির বেতন স্কেল ভেটিং সম্পন্ন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন স্কেল ভেটিং সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, ‘দীর্ঘদিনের চাকরির বিধিমালা ও বেতন কাঠামোর জটিলতা নিরসন এবং সুনির্দিষ্ট বেতন গ্রেড নির্ধারণে প্রধানমন্ত্রীর সময়োপযোগী হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সিদ্ধান্তের ফলে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন স্কেল ভেটিং বাস্তবায়নের পথ সুগম হয়েছে।’

লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের কৃষি ও কৃষকের দোরগোড়ায় মানসম্পন্ন বীজ উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ, সার সরবরাহ এবং আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিএডিসি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব আইন ও অনুমোদিত প্রবিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে ৪ হাজার ৬৯৯টি পদের বেতন গ্রেড বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের পরিপন্থীভাবে এক ধাপ অবনমন করা হয়। একই সঙ্গে কিছু নতুন নিয়োগ ও পদোন্নতির শর্ত যুক্ত করা হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর প্রতিবাদে তারা কর্মবিরতি, মানববন্ধনসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।

বক্তব্যে আরও বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সাবেক এক সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি বিএডিসির জনবল কাঠামো নিয়ে সুপারিশ করে। ওই সুপারিশের ভিত্তিতে ১০ হাজার জনবলের একটি প্রস্তাব তৈরি করা হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিএডিসির জন্য ৯ হাজার ৩৫৫ জন জনবল অনুমোদন করে।

তবে বেতন স্কেল ভেটিংয়ের সময় অনুমোদিত পদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে ৫ হাজার ২১৮টি পদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে ৫১৯টি পদের বেতন স্কেল এখনো ভেটিং হয়নি।

সংবাদ সম্মেলনে কৃষি সচিব ও অর্থ সচিবের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবশিষ্ট ৫১৯টি পদের বেতন স্কেল ভেটিং সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। এ সময় বিএডিসিতে পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়।

বক্তারা বলেন, বর্তমানে বিএডিসিতে পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা চালু নেই। অথচ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার, বীজ ও সেচের মতো গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি খাল খনন ও পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষিজমিতে সেচের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতেও বিএডিসির অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাটবীজ ও পেয়ারা বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দেশের কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ভাগ্যোন্নয়নে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের অবদানের স্বীকৃতি হিসেবে পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা চালুর পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল এবং নিরাপত্তাসংশ্লিষ্ট পদ যৌক্তিকভাবে বৃদ্ধির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বিএডিসি কৃষিবিদ সমিতি, বিএডিসি প্রকৌশল সমিতি, বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন, সিবিএসহ বিভিন্ন পেশাজীবী ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দের আন্দোলনে সহযোগিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এমআর/এএম