নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও কাদাধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তার লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) অর্থসহায়তা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের উদ্দেশে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি এই সহায়তা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ছাড়া নেপালের এই মর্মান্তিক ট্র্যাজেডিতে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
এসএইচ/ এআর