নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
উল্টো পথে ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার সময় মন্ত্রী নিজেই গাড়ির ভেতরে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি গাড়িতে করে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের অভিমুখে যাচ্ছিল। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সার্কিট হাউস মসজিদসংলগ্ন সড়কে বিশেষ সতর্কতায় ছিলেন ট্রাফিক সদস্যরা। ঠিক সেই মুহূর্তে ঢাকা মেট্রো ঘ-১৮২১২৫ নম্বরের একটি গাড়ি উল্টো পথে অত্যন্ত বেপরোয়া গতিতে সচিবালয়ের দিকে এগোতে থাকে। গাড়িটির গতিবিধি ঝুঁকিপূর্ণ মনে হলে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য তাৎক্ষণিক সংকেত দিয়ে গাড়িটি থামান।
গাড়িটি থামানোর পর ট্রাফিক পুলিশের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়েন চালক। উল্টো পথে আসা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিষয়ে চালক কোনো সন্তোষজনক বা যৌক্তিক জবাব দিতে পারেননি। পরে ট্রাফিক পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।
রমনা ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে গাড়িটির বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে। একই সঙ্গে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়।
ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, আইন সবার জন্য সমান। সাধারণ পথচারী ও চালকদের ট্রাফিক আইন মানাতে এটি একটি জোরালো বার্তা। সরকার ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করে সর্বোচ্চ কাজ করতে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলছেন। সেখানে মন্ত্রীরা আইন না মানলে সাধারণ মানুষের মধ্যেও আইন ভঙ্গের প্রবণতা তৈরি হতে পারে।
একেএস/এআর