নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
দেশের বেকার ও পিছিয়ে পড়া যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদফতর সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সংসদ সদস্য এস, এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে কর্মপ্রত্যাশী ও নিয়োগকর্তার মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে ধারণাপত্র প্রণয়ন ও প্রয়োজনীয় কাঠামো নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কর্মপ্রত্যাশীদের নিবন্ধন ও তথ্য সংরক্ষণ, নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী কর্মপ্রত্যাশীদের সঙ্গে সংযোগ স্থাপন, শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণ এবং প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা প্রদানের ব্যবস্থা করা হবে।
এর ফলে কর্মসংস্থানের তথ্য ও সুযোগ সম্পর্কে কর্মপ্রত্যাশীদের সহজে অবহিত করা এবং স্থানীয় শ্রমবাজারের সঙ্গে তাদের সংযুক্ত করা সম্ভব হবে।
এমএইচএইচ/এআরএম