জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
গুরুতর অসুস্থতা নিয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি সংসদ অধিবেশনেও যোগ দেবেন।
আগেদিন রাতে দেশে ফিরে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নিজ দফতরে আসেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাস জাতীয় সংসদ তার নিজ অফিসে প্রথম দিনের মতো দাফতরিক কাজ করেন। পরে অধিবেশনে যোগ দেবেন।
আরও পড়ুন:
সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
এরআগে সিঙ্গাপুর-মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দেশে আসেন মির্জা আব্বাস। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে আসেন।
গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। পরে ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
বিইউ/এএম