Dhaka Mail Logo

জাতীয়

পিএসসির নতুন চেয়ারম্যান কে এই নাজমুজ্জামান ভুইঁয়া?

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

দীর্ঘ প্রায় ২৫ বছরের একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি গবেষণা, নীতি-পরামর্শ, প্রশাসনিক ও আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞতাসম্পন্ন এই আইন বিশেষজ্ঞকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়েছে।

ড. নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্টি ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ল’-এর ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ, পরে ২০১৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

নাজমুজ্জামান বাংলাদেশের আইনব্যবস্থা, আন্তর্জাতিক মানবিক আইন, সরকার ও রাজনীতি, অপরাধবিজ্ঞান, পরিবেশ আইন ও শ্রম আইন নিয়ে পাঠদান করেন। তার একাডেমিক ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য আন্তর্জাতিক মানবিক আইন, মানবাধিকার, দুর্যোগ আইন ও নীতি বিষয়ে দীর্ঘ গবেষণা ও কাজ। 

ঢাবির এই শিক্ষকের কর্মজীবন জুড়ে একাডেমিক গবেষণা, পলিসি অ্যাডভোকেসি, কনসাল্টেন্সি, অ্যাডভাইসরি রোল এবং টিচিং- এই পাঁচটি ক্ষেত্রে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস), ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ২০১২ সালে ল’ বিষয়ে পিএইচডি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক অধিকার। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম এবং এলএল.বি (অনার্স) সম্পন্ন করেন। ১৯৯৮ সালে এলএল.বি-তে (অনার্স) সর্বোচ্চ নম্বর ও প্রথম স্থান অর্জনের জন্য তিনি ‘অ্যাটর্নি আলমগীর গোল্ড মেডেল’ লাভ করেন। পিএইচডির জন্য তিনি ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপও পেয়েছেন।

আন্তর্জাতিক পরিসরেও নাজমুজ্জামানের কাজের বিস্তৃতি রয়েছে। আইসিআরসি এবং আইএফআরসি’-এর বিভিন্ন উদ্যোগে তিনি গবেষক, পরামর্শক, বক্তা ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল’ বাস্তবায়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং আন্তর্জাতিক সহায়তা গ্রহণের আইনগত কাঠামো নিয়ে তার গবেষণা ও পরামর্শমূলক কাজ রয়েছে।

ড. ভূঁইয়ার পেশাগত গবেষণার ক্ষেত্রও বেশ বিস্তৃত। বাংলাদেশ পুলিশের প্ল্যানিং অ্যান্ড রিসার্চ উইংয়ের উদ্যোগে ফৌজদারি বিচারব্যবস্থায় বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে গবেষণায় তিনি কনসাল্টেন্ট হিসেবে কাজ করেছেন। ইউএনডিপির সঙ্গে অনানুষ্ঠানিক কর্মসংস্থান খাতে নারীদের আইনগত সুরক্ষা এবং স্থানীয় সরকার আইন পর্যালোচনার কাজেও তিনি কনসাল্টেন্ট/ন্যাশনাল কনসাল্টেন্ট হিসেবে যুক্ত ছিলেন।

এছাড়া আইএফআরসি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের ডিজেস্টার রিস্ক রিডাকশনের আইন ও নীতিগত কাঠামো শক্তিশালীকরণ নিয়েও তিনি কাজ করেছেন। স্থানীয় সরকার, শিশুশ্রম, নারী শ্রমিক, মানবাধিকার, পরিবেশ ও জীববৈচিত্র্যসহ বিভিন্ন জাতীয় নীতিগত বিষয়েও তার গবেষণার অভিজ্ঞতা রয়েছে।

আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে নাজমুজ্জামান বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, রুয়ান্ডা, নামিবিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের বিভিন্ন সম্মেলন, প্রশিক্ষণ ও একাডেমিক আয়োজনে অংশ নিয়েছেন এবং আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন। 

তার প্রকাশিত গবেষণার মধ্যে আন্তর্জাতিক মানবিক আইন, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ বিচার, স্থানীয় সরকার, সংবাদপত্রের স্বাধীনতা, শিশুশ্রম, নারী অধিকার, বিচারব্যবস্থা ও আইন সংস্কারসহ বিস্তৃত বিষয় রয়েছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস ও ও ব্রিল-এর মতো আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানে তার গবেষণা ও বুক চ্যাপটার প্রকাশিত হয়েছে। 

বিইউ/এএইচ