জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
জাতীয় সংসদে প্রশ্ন জমা দেওয়ার জন্য অতীতে মন্ত্রী ও সংসদ সদস্যরা আগের রাতেই বিছানাপত্র নিয়ে অফিসের সামনে অবস্থান করতেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিরোধী দলের সদস্যদের প্রশ্ন করার সুযোগ নিয়ে আলোচনার একপর্যায়ে সংসদের পুরনো দিনের স্মৃতিচারণ করে এ তথ্য জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার এ স্মৃতিচারণ করেন।
স্পিকার বলেন, ‘আমার পরিষ্কার মনে আছে, অতীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিছানাপত্র নিয়ে আগের রাতেই প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে পজিশন নিতেন। আরও দুই-একজন সদস্য আছেন, যারা আগের রাতে সেখানে শুয়ে থাকতেন। এ ছাড়া অনেক সদস্য তাদের প্রাইভেট সেক্রেটারিকে সেখানে পাঠাতেন।’
তিনি বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যরা আগে থেকেই এসে নিজেদের অগ্রাধিকার বা সিরিয়াল নিশ্চিত করতেন। দীর্ঘদিনের এই রীতি ও নিয়ম অনুসরণ করে বিরোধী দলের সদস্যদেরও আগেভাগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন তিনি।
একইসঙ্গে বিরোধী দলের প্রশ্ন করার সুযোগের বিষয়টি ভবিষ্যতে যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দেন স্পিকার।
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের কম সুযোগ পাওয়ার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত আটটি তারকা চিহ্নিত প্রশ্নই এবার সরকারি দলের সংসদ সদস্যদের কাছ থেকে এসেছে।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর জন্য যে প্রশ্নোত্তর রাখা হয়েছে, সেখানে আটটি তারকা চিহ্নিত প্রশ্নই সরকারি দলীয় সংসদ সদস্যদের। বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রশ্ন জমা দিয়েছিলেন। কিন্তু আগে আপনি আমাদের চারটি সুযোগ দিলেও আজকে আটটির সবগুলোই ছিল সরকারি দলের সংসদ সদস্যদের।’
সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সংসদের জবাবদিহিতার সংস্কৃতি তত বেশি শক্তিশালী হবে। ভবিষ্যতে বিষয়টি বিশেষভাবে বিবেচনার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।
টিএই/এএইচ