নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাসপোর্ট অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম এ অভিযান শুরু করে।
অভিযানে দুদকের কর্মকর্তারা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলছেন এবং সেবা নিতে আসা গ্রহীতাদের কাছ থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান পরিচালনা করছে। অভিযানে অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।
দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি করা, নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের মাধ্যমে দ্রুত পাসপোর্টের কাজ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগও পেয়েছে দুদক।
একেএস/এআরএম