জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫ লাখ টাকারও বেশি মূল্যের স্বর্ণালংকারসহ খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬) নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচ তলায় বাহির গেট এলাকায় ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়।
এসময় আটককৃতদের শরীর তল্লাশি করে ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণালংকারের মান ২১ ক্যারেট। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণালংকার বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশে বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমআইকে/এএইচ