Dhaka Mail Logo

জাতীয়

পে-স্কেলের প্রজ্ঞাপন হবে একাধিক, জারি চলতি সপ্তাহেই

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে এজন্য একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। একই সঙ্গে আইনগত ভেটিং শেষে কয়েকটি বিষয় স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) আকারেও জারি করা হবে বলে জানান তিনি।

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হতে পারে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল দেওয়া হয়েছিল। এরপর প্রায় ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল হয়নি।

তিনি জানান, জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনায় বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন ও অবসর-পরবর্তী অন্যান্য সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর বিস্তারিত বিধান থাকবে।

অনুমোদিত নতুন বেতন স্কেল যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, দফতর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

টিএই/এফএ