Dhaka Mail Logo

জাতীয়

নবম পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: নাসিমুল গণি

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে নতুন এই বেতন কাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আসবেন কিনা, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলের আওতায় আনার বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন পে-স্কেলে প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসিক তিন হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করা হয়েছে। এ ছাড়া এতদিন শুধু পঞ্চম গ্রেডের কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও নতুন বেতন কাঠামো অনুযায়ী সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন।

নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে এবং অন্যান্য বেতন-ভাতার সুবিধা পরবর্তী সময়ে কার্যকর করা হবে।

তবে নতুন পে-স্কেল অনুমোদনের পরও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়টি অনিশ্চিতই থাকছে। শিক্ষক সংগঠনগুলো সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষকদের যুক্ত করার দাবি জানালেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

এমএইচ/এফএ