Dhaka Mail Logo

জাতীয়

কোন স্কেলে কত বাড়ানো হয় সরকারি চাকরিজীবীদের বেতন

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

স্বাধীনতার পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে এখন পর্যন্ত আটটি জাতীয় বেতনস্কেল ঘোষণা করেছে সরকার। প্রায় এক দশক পর এবার অনুমোদন পেয়েছে ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’। নতুন এই বেতন কাঠামোয় গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন বেতনস্কেল সামনে রেখে এর আগে কোন সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন কতটা বেড়েছিল, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

১৯৭৩: প্রথম বেতনস্কেল

স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বেতনস্কেল ঘোষণা করা হয় ১৯৭৩ সালে। যুদ্ধবিধ্বস্ত দেশে পাকিস্তান আমলের বেতন কাঠামো পরিবর্তন করে নতুন এই স্কেল চালু করা হয়।

১০টি গ্রেড নিয়ে গঠিত ওই বেতনস্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছিল ১৩০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা। তবে ওই বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

১৯৭৭: দ্বিতীয় বেতনস্কেল

এরপর ১৯৭৭ সালে দ্বিতীয় জাতীয় বেতনস্কেল ঘোষণা করা হয়। এতে ১০টি গ্রেডের পরিবর্তে ২১টি গ্রেড চালু করা হয়।

এই স্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয় ২২৫ টাকা এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে বেতন বাড়ে প্রায় ৭৩ শতাংশ, আর সর্বোচ্চ গ্রেডে ৫০ শতাংশ।

১৯৮৫: তৃতীয় বেতনস্কেল

১৯৮৫ সালে ঘোষণা করা হয় তৃতীয় জাতীয় বেতনস্কেল। এতে তুলনামূলক বড় পরিমাণে বেতন বাড়ানো হয়।

সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১২২ দশমিক ২ শতাংশ বাড়িয়ে ৫০০ টাকা করা হয়। আর সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বাড়িয়ে বেতন নির্ধারণ করা হয় ৬ হাজার টাকা।

১৯৯১: চতুর্থ বেতনস্কেল

১৯৯১ সালের চতুর্থ বেতনস্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয় ৯০০ টাকা। আগের স্কেলের তুলনায় এটি ছিল প্রায় ৮০ শতাংশ বেশি।

অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন প্রায় ৬৭ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ১০ হাজার টাকা।

১৯৯৭: পঞ্চম বেতনস্কেল

বাংলাদেশে পঞ্চম জাতীয় বেতনস্কেল ঘোষণা করা হয় ১৯৯৭ সালে।

আরও পড়ুন

কী আছে নবম পে-স্কেলে, কারা কতটা সুবিধা পাবেন

এতে সর্বনিম্ন মূল বেতন প্রায় ৬৭ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়। সর্বোচ্চ মূল বেতন ৫০ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ১৫ হাজার টাকা।

২০০৫: ষষ্ঠ বেতনস্কেল

২০০৫ সালে ঘোষিত ষষ্ঠ জাতীয় বেতনস্কেলে সর্বনিম্ন মূল বেতন ৬০ শতাংশ বাড়িয়ে করা হয় ২ হাজার ৪০০ টাকা।

এ সময় সর্বোচ্চ মূল বেতন ৫৩ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ২৩ হাজার টাকা।

Gov1
এবার প্রায় দ্বিগুণ হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন। ছবি: সংগৃহীত

২০০৯: সপ্তম বেতনস্কেল

এরপর ২০০৯ সালে ঘোষণা করা হয় সপ্তম জাতীয় বেতনস্কেল। এতে সর্বনিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়িয়ে ৪ হাজার ১০০ টাকা করা হয়।

সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয় ৪০ হাজার টাকা।

২০১৫: অষ্টম বেতনস্কেল

সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতনস্কেল অর্থাৎ অষ্টম বেতনস্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে।

এতে সর্বনিম্ন মূল বেতন প্রায় ১০১ শতাংশ বাড়িয়ে ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন প্রায় ৯৫ শতাংশ বাড়িয়ে ৭৮ হাজার টাকা করা হয়।

আরও পড়ুন

কোন গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন কত বাড়ছে

এরপর দীর্ঘ সময় নতুন কোনো জাতীয় বেতনস্কেল ঘোষণা হয়নি। এবার অনুমোদন পাওয়া জাতীয় বেতনস্কেল ২০২৬-এ বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে নতুন করে বেতন নির্ধারণ করা হয়েছে।

এবার কত বাড়ছে?

নতুন বেতনস্কেলে ১ম গ্রেডে মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ থেকে ১৪২ শতাংশ। ১ম থেকে ১১তম গ্রেডে প্রারম্ভিক বেতন বাড়ছে ১০০ শতাংশ। এরপর ১২তম গ্রেডে ১১৫ শতাংশ থেকে শুরু করে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে।

জেবি