Dhaka Mail Logo

জাতীয়

হাজারীবাগে আধুনিক পশু জবাইখানায় কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় আনুষ্ঠানিকভাবে পশু জবাই কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক পশু জবাইখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জনের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে স্বয়ংক্রিয়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করা হবে।

তিনি বলেন, আধুনিক এই জবাইখানায় উন্নত চিলিং ও কোল্ড স্টোরেজ সুবিধা রয়েছে। এতে দীর্ঘসময় মাংসের সতেজতা ও গুণগত মান বজায় থাকবে। পাশাপাশি রক্ত ও দূষিত পানি পরিশোধনের জন্য পরিবেশবান্ধব বর্জ্য শোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করা হয়েছে।

এখানে পশুর রক্ত, হাড় ও খুর প্রক্রিয়াজাত করে সার ও পশুখাদ্য তৈরির ব্যবস্থা রয়েছে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চামড়া ছাড়িয়ে এর সঠিক বাজারমূল্য নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত পশু জবাই ও প্রক্রিয়াকরণের কার্যক্রম চলবে।

এ জন্য আদর্শ কর তফসিল এবং ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০২৫’ অনুযায়ী প্রতিটি ছাগল ও ভেড়া থেকে ২৫ টাকা এবং প্রতিটি গরু ও মহিষ থেকে ১০০ টাকা হারে রাজস্ব আদায় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএইচ/এএইচ